নিমগাছের চারা রোপণ করছেন বেগম খালেদা জিয়া, (ডানে) বর্তমানে নিমগাছটির দেহাবশেষ
নিমগাছের চারা রোপণ করছেন বেগম খালেদা জিয়া, (ডানে) বর্তমানে নিমগাছটির দেহাবশেষ। নয়া দিগন্ত
ads

২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসার পর বগুড়াবাসী সবচেয়ে বড় যে উপহারটি পেয়েছিল সেটি হলো ‘শহীদ চান্দু স্টেডিয়াম’। স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে একটি নিমগাছের চারা রোপণ করেছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় দুই যুগ পর গাছটি মরে গেলেও স্মৃতির পাতায় এখনো অমর হয়ে আছে সেই স্মৃতি।

১৯৭৩ সালে শহীদ মুক্তিযোদ্ধা মকসুদুল আলম চান্দুর নামানুসারে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় শহীদ চান্দু স্টেডিয়াম নির্মাণ করা হয়। পরে এই স্টেডিয়ামটি বগুড়া জেলা স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি পায়।

২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের রূপ দেয়ার উদ্যোগ নেন। ২০০৩ সালের ৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আধুনিক সুবিধাসম্বলিত শহীদ চান্দু স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় তিনি স্টেডিয়ামের পূর্ব পাশে একটি নিমগাছের চারা রোপণ করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ স্থানীয় নেতৃবৃন্দ সেই সময় উপস্থিত ছিলেন।

পরে স্টেডিয়ামের গ্যালারি নির্মাণের সময় নিমগাছটি সরিয়ে স্কোরবোর্ডের পাশের মাটির গ্যালারিতে পুনরায় রোপণ করা হয়। দীর্ঘদিন সেখানে থাকার পর ২০২৩ সালের শেষ দিকে গাছটি মারা যায়। বর্তমানে নিমগাছটির দেহাবশেষ কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তৎকালীন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বকুল আক্ষেপের সুরে বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম নির্মাণের সময় বেগম খালেদা জিয়া নিমগাছটি রোপণ করলেও পরে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। একই সময়ে আরাফাত রহমান কোকো স্টেডিয়ামের মাটির গ্যালারিতে কয়েকটি বট ও পাইকড় গাছের চারা রোপণ করেছিলেন। সেগুলোরও সঠিক রক্ষণাবেক্ষণ করা হয়নি।’

অন্যদিকে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বলেন, ‘বেগম জিয়ার স্মৃতিকে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। গ্যালারি নির্মাণের সময় বাধ্য হয়ে নিমগাছটি সরিয়ে মাটির গ্যালারিতে লাগানো হয়। পরে নিয়মিত পরিচর্যার মাধ্যমে নিমগাছটি বড় করা হয়। নিমগাছটি বয়সের কারণে মারা গেলেও আরাফাত রহমান কোকোর নিজ হাতে লাগানো গাছগুলো এখনো স্টেডিয়ামের শোভাবর্ধন করছে।’