
চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পরীক্ষায় পাসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলের জেলা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ। একই বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই এ দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’
দলের স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের এইচএসসি পাস করার বিষয়টি সুসংবাদ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার প্রকাশিত হয়। এতে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরকে এ বিষয়ে নানা সমালোচনামূলক পোস্ট ও মন্তব্য করতে দেখা যায়। অনেকে জেলা ছাত্রদলের কমিটিতে থাকা বাবার পদটি ছেলেকে দেয়ার প্রস্তাবসহ নানা ধরনের ট্রল করেন। বিষয়টি ছাত্রদলে কেন্দ্রীয় কমিটির নজরে আসে।
স্থানীয় নেতা-কর্মীদের অভিমত, যদিও কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে কমিটি বিলুপ্তির কথা বলা হয়েছে, তবে বাস্তবতা হলো, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পরীক্ষায় পাসের খবরে তৈরি হওয়া বিতর্ক সামাল দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া, জেলা কমিটি পুনর্গঠনে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের দীর্ঘদিনের দাবিও এ ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








