ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড : নিহত ৪ আহত ৩০
ads

রয়টার্স
দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে গতকাল শনিবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং আরো ৩০ জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ইরাকের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইএনএর খবরে বলা হয়েছে, বসরা শহরের উত্তরাঞ্চলে অবস্থিত হারথা বিদ্যুৎকেন্দ্রে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তী সময়ে বেসামরিক প্রতিরক্ষাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্যমতে, আগুন বিদ্যুৎকেন্দ্রের সীমানা ছাড়িয়ে পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়েছিল। এ দুর্ঘটনার পর কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা আরো জানিয়েছেন, হারথা বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট হলেও অগ্নিকাণ্ডের সময় এটি প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল। ঠিক কী কারণে আগুন লেগেছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি আইএনএ।