যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড
ads

এনডিটিভি
যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে নিখিল গুপ্তা নামের এক ভারতীয় নাগরিককে ১৯ বছর সাত মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। গত শুক্রবার নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক ভিক্টর মারেরো ৮০ মিনিটের শুনানি শেষে ৫৫ বছর বয়সী গুপ্তাকে এই ২৩৫ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। ভারত সরকার পান্নুনকে একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে। পাশাপাশি তার নেতৃত্বাধীন সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ ভারতে নিষিদ্ধ ঘোষিত।
এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক পান্নুনকে নিউ ইয়র্কে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে খুনি নিয়োগ, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আদালতে স্বীকার করে নিয়েছিলেন নিখিল গুপ্তা। গত শুক্রবার শুনানি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে গুপ্তা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন।