
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আওতাভুক্ত জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ হাজার ৯৯৫ কেজি রাসায়নিক পদার্থসহ দু’জনকে আটক করেছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
এর আগে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন— যশোর সদর থানার রামনগর এলাকার মরহুম আকবর আলীর ছেলে মো: রায়হান (৫২) ও একই জেলার অবনয়গর থানার পাথালিয়া এলাকার আজহার আলীর ছেলে তাকিবুর রহমান (২৫)।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা দু’টি তেলবাহী ট্যাঙ্কার আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪৮ হাজার ৯৯৫ কেজি রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ৫০ লাখ টাকার রাসায়নিক পদার্থ উদ্ধারের ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালত পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








