
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে অবরোধকারীদের সরিয়ে দেয়। শিল্পাঞ্চলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে জানানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড, গিলারচালা (আসপাডা) ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় কয়েক দফায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশের কঠোর অবস্থানের মুখে বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শ্রীপুর পৌরসভা এলাকার ১২টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববারের ঘটনায় গিলারচালা (আসপাডা) এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেডের এক নারী শ্রমিকের পায়ে গুরুতর আঘাত লাগে। ওই শ্রমিক কীভাবে আহত হয়েছেন, তা জানতে চেয়ে সোমবার সকালে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টার দিকে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাইরে বেরিয়ে মহাসড়কে জড়ো হন।
এ খবর ছড়িয়ে পড়লে, আশপাশের কারখানাগুলোতেও শ্রমিক অসন্তোষ দেখা দেয়। প্রথমে পাশের মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে, একে একে ইউনিলেন্স, সাসটেইনেবল ওয়াশিং প্লান্ট, মেঘনা ডেনিম লিমিটেড, আমান টেক্সটাইল মিলস লিমিটেড, রাতুল অ্যাপারেলস লিমিটেড, ফখরুদ্দিন গার্মেন্টস, হ্যামস গার্মেন্টস, ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টর ইন্টিমেটস লিমিটেড ও ক্রিস্টাল গার্মেন্টস লিমিটেডে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ ছাড়া, বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট কারখানার বাইরে শ্রমিকেরা হামলা চালালে সেখানেও ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে শ্রীপুর পৌরসভা এলাকায় ১২টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও অনেকেই উৎপাদনে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান।
এ সময়, শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে, শ্রমিকদের একটি অংশ আশপাশের গলিতে অবস্থান নিয়ে আবারো ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
এদিকে পূর্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১২টি কারখানাও সোমবার খুলে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও ছুটি ঘোষণার কারণে উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটে।
অন্যদিকে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জয়দেবপুরের বাংলাবাজার এলাকায় ট্রান্স ওয়ার্ল্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। স্ট্যান্ডার্ড গ্রুপের এ কারখানার শ্রমিকেরা ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের মধ্যে মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে বৈঠক স্থগিতের তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের গুজব ছড়িয়ে পড়লে অন্য কারখানার শ্রমিকেরাও কাজে বিরতি দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন—এমন আশঙ্কায় শিল্পাঞ্চলে সতর্কতা জোরদার করা হয়।
অন্যদিকে, সোমবার ভোরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্যাপ্টেন সিএনজি পাম্প থেকে রঙ্গিলা বাজারগামী সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোকনের নেতৃত্ব থাকার কথা বলা হয়েছে। এ মিছিলের পর একই এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক কর্মসূচির কারণে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে, রোববার শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ছুটি না দেওয়াকে কেন্দ্র করে রাতুল অ্যাপারেলস কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, ওই ঘটনায় গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
একই সময়, গাজীপুরের বাহেরারচালা এলাকার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শিল্পকারখানা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নেয়। তারা শ্রমিকদেরকে কারখানার ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, গার্মেন্টস শ্রমিক বাঁচলে এলাকাও বাঁচবে। শ্রমিকদের কর্মসংস্থান ও এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে শিল্পকারখানার অস্তিত্ব জড়িত। এ উপলব্ধি থেকেই তারা কারখানার ক্ষতি করা থেকে শ্রমিকদের বিরত থাকার আহ্বান জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ও মোতায়েন বাড়ানো হয়েছে। বর্তমানে ১৭ প্লাটুন আনসার, ১২ প্লাটুন বিজিবি এবং ১০ প্লাটুন এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, পরিস্থিতি বিবেচনায় আনসার সদস্যের সংখ্যা ১৩ প্লাটুন থেকে বাড়িয়ে ১৭ প্লাটুন করা হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো: আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি জানান, জেলা, মহানগর ও শিল্প পুলিশের সমন্বয়ে বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের দাবি-দাওয়া শান্তিপূর্ণভাবে উপস্থাপনের পাশাপাশি সড়ক ও শিল্পকারখানার নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: সোহেল রানা বলেন, শ্রমিকদের নিরাপদে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
জিএমপি কমিশনার মো: আশিক সাঈদ বলেন, শিল্পাঞ্চলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছে পুলিশ। পাশাপাশি, কোনো মহল যাতে গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেই জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









