কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড। সংগৃহীত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিপরীতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম।

শতভাগ ফেল করা ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তিনটিতে মাত্র একজন করে পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তবে তারাও উত্তীর্ণ হতে পারেনি।

প্রতিষ্ঠানগুলো হলো— চাঁদপুর সদরের চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মতলব দক্ষিণের ড. এম শামসুল হক মডেল কলেজ, কুমিল্লার লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ, চৌদ্দগ্রামের বগৈর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়ার প্রফেসর সিকান্দার আলী ভূঁইয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ।

লক্ষ্মীপুরের ক্যামব্রিজ সিটি কলেজ, কমলনগরের তুরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ও ফজু মিয়ার হাট হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দীন আলোকিত কলেজ ও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ।

অন্যদিকে শতভাগ শিক্ষার্থী পাস করা চারটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি কুমিল্লা জেলার ও একটি ফেনী জেলার। এগুলো হলো— কুমিল্লা সদরের ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, মেঘনা উপজেলার মুজাফফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী।