
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। যা সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন ও ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছে ২৫ হাজার ৯৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। এ বছর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।
সে হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ বলেন, ‘এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








