ডেঙ্গু
সাইকেল র‌্যালি। নয়া দিগন্ত

সচেতনতা বৃদ্ধি ছাড়া বা জনসচেতনতা ছাড়া শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণ নেয়া খুবই কঠিন বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। 

Advertisement

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর জিলা স্কুল মোড় থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে সাইকেল শোভাযাত্রার উদ্বোধনের আগের এই মন্তব্য করেন তিনি। 

সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, ‘সচেতনতা বৃদ্ধি ছাড়া বা জনসচেতনতা ছাড়া শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণ নেয়া খুবই কঠিন। তাই প্রত্যেকটি শ্রেণি পেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের এই সাইকেল র‌্যালিটির আয়োজন করা হয়েছে। এর আগেও তরুণদের কাজে লাগানোর জন্য বিভিন্ন স্কুলের এবং কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ডিবেট প্রতিযোগিতা করেছি।’

সিটি প্রশাসক ডন বলেন, ‘তরুণ প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নেয়াতে আগামী ছয় সাত তারিখে আমাদের ইয়াংদেরকে জনসচেতনতার সাথে সম্পৃক্ত করার জন্য একটি র‌্যালি অনুষ্ঠিত হবে।  নানা কর্মসূচীর মাধ্যমে আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং প্রত্যাশা করছি যে এর মাধ্যমে আমরা ডেঙ্গুকে আমাদের নিয়ন্ত্রণে নিতে পারব।’ 

সিটি প্রশাসক বলেন, ‘২০৫ বর্গ কিলোমিটারের এই রংপুর সিটি করপোরেশন। তো এই সিটি করপোরেশনের সাথে দীর্ঘদিন অনেক বৈষম্য করা হয়েছে বা উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। সেই ক্ষেত্রে তো চ্যালেঞ্জ অনেকগুলো আছে। আমি প্রত্যাশা করি যত চ্যালেঞ্জই থাক নগরবাসির সহযোগিতা পেলে সেটা উৎরানো সম্ভব।’ 

সাইকেল শোভাযাত্রাটি নগরীর কাচারী বাজার, নগর ভবন, জাহাজ কোম্পানি মোড়, জীবন বীমা মোড়, গ্রন্ড হোটেল মোড়, খাবাম মোড়, লালবাগ, শহীদ আবু সাঈদ চত্বর, মডার্ন মোড়, দর্শনা, টার্মিনাল মেডিক্যাল মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করবে। সাইকেল শোভাযাত্রার পাশাপাশি মশক নিধনের ওষুধও স্প্রে করা হচ্ছে।