
রাষ্ট্র সংস্কার ও সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশ ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কুষ্টিয়ায়। শনিবার (৩১ অক্টোবর) কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ। এ উপলক্ষে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকদের আশা, সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে।
এদিকে, লংমার্চকে স্বাগত জানাতে শনিবার বাদ মাগরিব মোটর শোভাযাত্রা বের হয় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামে শেষ হয়।
গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মিছিল, স্লোগান ও প্রচার-প্রচারণার মাধ্যমে লংমার্চকে স্বাগত জানিয়ে আসছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে স্টেডিয়ামের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক কাজ চলতে দেখা যায়। জেলা জামায়াতের আমির অধ্যাপক খন্দকার এ কে এম মোহসিন আলী, সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা প্রস্তুতি তদারকি করছেন। এর পাশাপাশি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিনও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন বলেন, ৩১ অক্টোবরের লংমার্চ শুধু ১১ দলের নয়, এটি পুরো জাতির জন্য একটি শুভ সূচনা। সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই এ কর্মসূচি। সমাপনী অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা রয়েছে। সুসংগঠিত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আরিফুজজামান বলেন, ‘শনিবারের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন তারা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হলে কুষ্টিয়া সারা দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা রাখি।’
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ‘সমাপনী অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে মূল মঞ্চ নির্মাণের কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও বাকি কাজ দ্রুত শেষ করা হচ্ছে। মাঠ পূর্ণ হওয়ার পাশাপাশি আশপাশের কয়েক মাইলজুড়ে মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করছি।’ তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আয়োজকরা জানান, ঢাকায় শুরু হওয়া লংমার্চ বাগেরহাট, খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় এসে শেষ হবে। সমাপনী সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বক্তব্য দেবেন। এছাড়া দেশের বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। সমাপনী বক্তব্যে দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে প্রত্যাশা করছেন নেতারা।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে লংমার্চের সমাপনী অনুষ্ঠানের স্থান নির্ধারণ নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে আয়োজকদের দ্বন্দ্ব চলছিল। সর্বশেষ প্রশাসন শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান আয়োজনের স্থান অনুমোদন দিলে সমাধান হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








