সাজেক
আগামী রোববার সাজেক সড়কের অবরোধ শিথিল, সোমবার থেকে ফের কর্মসূচি । নয়া দিগন্ত

সাধারণ মানুষের দুর্ভোগ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে আগামী রোববার (১ নভেম্বর) এক দিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। 

Advertisement

এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা অবরোধ শিথিল থাকবে। তবে সোমবার (২ নভেম্বর) থেকে পুনরায় আগের নিয়মে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

Sajek-Press

শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে দেয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

ভিডিও বার্তায় তিনি জানান, এলাকার সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামালসহ বিভিন্ন মালামাল পরিবহন এবং প্রয়োজনীয় যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে রবিবার এক দিনের জন্য অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে আবারো অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে পাহাড়ি সম্প্রদায়ের মাসব্যাপী ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উৎসব পালনের বিষয়টিও বিবেচনায় নিয়েছেন আন্দোলনকারীরা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আলোচনা সাপেক্ষে বৌদ্ধ ভিক্ষুদের চলাচল ও প্রয়োজনীয় যানবাহন প্রবেশের ক্ষেত্রে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে।

এ জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সাজেকের পর্যটন সড়কে তৃতীয় দফায় চলমান টানা অবরোধের নবম দিন শেষে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এক দিনের জন্য কর্মসূচি শিথিলের এ ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।