মহাসড়ক অবরোধ
কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ। নয়া দিগন্ত

বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। 

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে কাজে যোগ না দিয়ে কাশিমপুর শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জরুন এলাকায় রিপন, ইসলাম, স্ট্যান্ডার্ড গ্রুপ, কটন ক্লাব, মণ্ডল ও মাল্টি ফ্যাবস লিমিটেডসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা তাদের সাথে যোগ দেন।

একপর্যায়ে কোনাবাড়ী বিসিক এলাকার শ্রমিকেরা অন্য কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান। পরে বিভিন্ন কারখানার শ্রমিকেরা একত্র হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’