পুকুর থেকে গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার
পুকুর থেকে গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার। প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ তাহমিনা আক্তার শিল্পী স্থানীয় আজিজুর রহমানের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঈশাননগর এলাকার নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, ভোররাতে পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।