স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), তাজা কার্তুজ, উদ্ধার, পুলিশ
এসআরবির অভিযানে উদ্ধার তাজা কার্তুজ। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের লুট হওয়া ২২ রাউন্ড চায়না এসএমজি তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

Advertisement

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার লৌহজং উপজেলার পদ্মাসেতু উত্তর থানাধীন কুমারভোগ এলাকায় কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের পূর্ব পাশে বালুর মাঠের মধ্যে ২২ রাউন্ড চায়না এসএমজির তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি প্রস্তুত ও সচেষ্ট। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। একই সাথে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।