
আনাদোলু
গাজা উপত্যকা ও লেবাননে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিচার চেয়েছে মানবাধিকার সংস্থা ‘হিন্দ রজব ফাউন্ডেশন’ (এইচআরএফ)। মার্কিন বিচার বিভাগের কাছে এ দাবি জানিয়ে সংস্থাটি মঙ্গলবার একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেয়। ইসরাইলপন্থী একটি অলাভজনক সংস্থার আমন্ত্রণে বক্তব্য দিতে গ্যালান্টের বুধবার নিউ ইয়র্ক শহরে পৌঁছানোর কথা এবং এ সফরের প্রাক্কালেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হলো।
মানবাধিকার সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের ‘ওয়ার ক্রাইমস অ্যাক্ট’ এবং ‘জেনোসাইড স্ট্যাটিউট’ অনুসারে কোনো অভিযুক্ত ব্যক্তি মার্কিন ভূখণ্ডে প্রবেশ করলে তার বিচার করার পূর্ণ আইনি এখতিয়ার দেশটির রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বর থেকেই গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। ফলে জেনেভা কনভেনশনের বাধ্যবাধকতা মেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে তিনি কোনো স্বয়ংক্রিয় দায়মুক্তি পেতে পারেন না বলে সংস্থাটি স্মরণ করিয়ে দিয়েছে। একই সাথে ফিলিস্তিনসংক্রান্ত তদন্তে আইসিসিকে সরাসরি আইনি সহায়তা দেয়ার সুযোগ তৈরিতে ‘আমেরিকান সার্ভিস-মেম্বার্স প্রটেকশন অ্যাক্ট’ সংশোধন বা বাতিলের জন্য মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরএফ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে গাজা ও লেবাননে সংঘটিত ইসরাইলি সামরিক নীতিমালার প্রত্যক্ষ দায়ভার গ্যালান্টের ওপর বর্তায়। দায়িত্বে আসার পরপরই তিনি গাজায় বিদ্যুৎ, পানি, খাদ্য এবং জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছিলেন, যা গণহত্যার সুস্পষ্ট প্ররোচনা। তার নির্দেশে পরিচালিত অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস এবং ব্যাপক বেসামরিক বাস্তুচ্যুতির পাশাপাশি শুধু তার বরখাস্তের সময় পর্যন্তই ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারান। এ ছাড়া লেবাননে আড়াই হাজারের বেশি মানুষকে হত্যা, স্বাস্থ্যসেবা ও জরুরি যানবাহনে বোমাবর্ষণ এবং ২০২৪ সালের সেপ্টেম্বরের পেজার বিস্ফোরণের মতো প্রাণঘাতী কর্মকাণ্ডের জন্যও তার নেতৃত্বাধীন বাহিনীকে দায়ী করা হয়েছে।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় চলা টানা ইসরাইলি আগ্রাসনে প্রাণহানি ৭৪ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৭৬ হাজারের বেশিতে, যাদের বড় অংশই নারী ও শিশু।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








