
রাঙ্গামাটির পর্যটন এলাকা সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ আজ চতুর্থ দিনে গড়িয়েছে। অন্যদিনের মতো আজও দুর্গম এলাকাটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
অবরোধের কারণে স্থানীয় লোকজনের জীবনযাত্রায় এর প্রভাব পড়ছে। সাজেক পর্যটন কেন্দ্র পর্যটক শূন্য হয়ে পড়েছে। অন্যদিকে বেশিরভাগ এলাকায় যান চলাচল ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। দুর্গম এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসতে না পারায় বিভিন্ন এলাকার প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত টহল দিচ্ছে। বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে অবরোধ সমর্থকরা। এতে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে সাজেকে অবস্থান করা লোকজনের মজুত করা খাদ্য শেষের দিকে। তারা জানান, এভাবে চলতে থাকলে সাজেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য শেষ হয়ে যাবে। এছাড়া অসুস্থ রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।
আজ বিষয়টি সমাধানে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে উচ্চ পর্যায়ের কমিটির আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো কার্যকর কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সেনাবাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক করবারী অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের সাজেক অবরোধের ঘোষণা দেয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








