
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু নাঈম হোসেন ও সাজ্জাদুল ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির কাদেরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিব তার দুই বন্ধুকে নিয়ে যাচ্ছিলেন কাজের উদ্দেশে। বিপরীত থেকে অটোরিকশা নিয়ে পূজামণ্ডপ থেকে ফিরছিলেন কয়েকজন যাত্রী। সাহেবপুর এলাকায় রাস্তায় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর হাবিব ও তার দুই বন্ধুকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রাকিব হাসান বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হাবিবকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ওচমানপুর এলাকায় দুর্ঘটনায় একজন নিহত এবং দু’জন আহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং মোটরসাইকেল থানা হেফাজতে নিয়ে এসেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








