
সিরাজগঞ্জে মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: নজরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে উজ্জ্বল হোসেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল করীম শাহীন এ তথ্য নিশ্চিত করেন। আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ সময় আসামিরা পলাতক ছিলেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১২ সালের ১৭ অক্টোবর সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা খবর পান, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক নিয়ে কয়েকজন যুবক ঢাকায় যাচ্ছেন। এ খবরের ভিত্তিতে তারা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করেন।
দুপুরের দিকে একটি ট্যাংকলরি থামিয়ে তল্লাশি চালিয়ে ৭১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল ও উজ্জ্বল নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
উক্ত ঘটনায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








