জেলা প্রশাসন, মামলা, আগুন, ডিএনএ পরীক্ষা, তদন্ত কমিটি, লাশ
কক্সবাজারের মানচিত্র। নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক-ম্যানেজারকে আসামি করে মামলা করেছে পুলিশ। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

Advertisement

রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় রিসোর্টের মালিক তানভীর সুলতানকে প্রধান আসামি করা হয়েছে। রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয়।

জেলা প্রশাসন এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। 

এদিকে অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১০টি লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া লাশ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তের বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরিচয় নিশ্চিত করে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হবে। নিহতের স্বজন যারা ঢাকায় চলে গেছে ঢাকার সিআইডি অফিসে তাদের ডিএনএ সেম্পল নেয়া হবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা লাশের ডিএনএ সেম্পল সংগ্রহ করে ঢাকা সিআইডি অফিসে পাঠিয়ে দেয়া হবে। 

ডিএনএ পরীক্ষার পর লাশ সনাক্ত হতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বলে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সুবক্তগীন মাহমুদ জানিয়েছেন।