ঢাকার মাইকেয়ার হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন
মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

ঢাকার শ্যামলীতে মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়। শুধু চিকিৎসা নয়, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পথচলায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতে এ সচেতনতামূলক ও জ্ঞানভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর শ্যামলীতে মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘প্যাশেন্ট মেন্টাল হেলথ ইজ এভরি ডক্টর’স রেসপনজিবিলিটি টু’ বিষয়ক বৈজ্ঞানিক আলোচনা উপস্থাপনা করেন মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক  ডা: রুবাইয়াৎ ফেরদৌস। আলোচনায় রোগীর সামগ্রিক চিকিৎসায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, কথাসাহিত্যিক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ডা: এম এ মোহিত কামাল, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: অনুপম হোসেন, আল-মানার হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইবনে সিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: আবু খলদুন আল-মাহমুদ, মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারের অর্থোপেডিকস সার্জন সহকারী অধ্যাপক ডা: আবদুল কাদির নোমান, মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ও ডিপিআরসির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো: শফিউল্লাহ প্রধান সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ। 

অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দেয়া এবং মানসিক স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে সম্মানিত বিশেষ অতিথিরা ডা: রুবাইয়াৎ ফেরদৌসের রচিত ‘মনকে বুঝি, মানুষকে পাশে রাখি’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে অতিথিরা লেখিকাকে ফুলেল শুভেচ্ছা জানান।