
তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের অর্থায়নের ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।
শনিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, বাকি ৫৬ জেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্বকারী আট জেলার সব উপজেলা থেকে আবেদন নেয়া হয়েছে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।
তরুণ উদ্যোক্তারা গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোনা জেলায়, পাঁচ হাজার ৩৫১টি। এরপরে রয়েছে রংপুরে দুই হাজার ৭৪৫টি, নওগাঁয় দুই হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে দুই হাজার ১৯১টি।
অন্য জেলাগুলোর মধ্যে হবিগঞ্জে এক হাজার ৫৫২টি, ভোলায় এক হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে এক হাজার ৩৪৩টি এবং ফেনীতে এক হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।
কর্মসূচির পরবর্তী পর্যায়ে বাকি ৫৬ জেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে এ কর্মসূচির নির্দেশিকা জারি করে। নির্দেশিকাটি www.bb.org.bd Ges www.bb.org.bd/smespd_portal ওয়েবসাইটে পাওয়া যাবে।
‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের উদ্যোগে অর্থায়নের ব্যবস্থা করা। এর মাধ্যমে উদ্ভাবন উৎসাহিত করা, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








