দুর্গাপূজা, কলকাতা
আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নারী-শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৫০ জন। 

Advertisement

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে তিনজন পুরুষ, একটি শিশু ও ১৩ জন নারী। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

জানা যায়, সপ্তমীর সন্ধ্যায় উত্তর এবং মধ্য কলকাতায় তুমুল বৃষ্টি শুরু হয়। রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। সে সময় চোরবাগান সার্বজনিন পূজা মণ্ডপের ভিতরে হুড়োহুড়ি শুরু হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। তারা পরস্পরকে ঠেলাঠেলি করতে থাকেন। তাতেই কয়েকজন মণ্ডপের ভিতরে বৃত্তাকার পথে পড়ে যান। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এমসিএইচ হাসপাতালে ৪০-৫০ জনকে নেয়া হয়েছে। আহতদের ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা চলছে। 

কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আজ (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্ক (চোর বাগান) পূজা মণ্ডপের প্রস্থান গেটে, বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ের কারণে হুড়োহুড়ি পরিস্থিতির সৃষ্টি হয়। আহত সকলকে উদ্ধার করে এমসিএইচে নিয়ে যাওয়া হয়েছে।’ 

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার