অধ্যাপক ডা: এম এ হাদী, চিকিৎসাসেবা
চিকিৎসাসেবা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মরহুম অধ্যাপক ডা: এম এ হাদী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় থেকে সারাদিনব্যাপী গফরগাঁও পৌরসভার শিলাসী নিজ বাসভবনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম ডা: এম এ হাদীর বাড়িতে বিনামূল্যে এ চিকিৎসাসেবা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে এ চিকিৎসাসেবা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, ‘চিকিৎসাসেবায় নক্ষত্রসম মানুষ ছিলেন ডা: এম এ হাদী। তিনি একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব ও দেশের স্বনামধন্য একজন চিকিৎসক ছিলেন। বহু মানুষকে ফ্রি চিকিৎসা সেবাও দিয়েছেন তিনি।’

তিনি আরো বলেন, ‘মানুষের মন থাকলে যে সমাজসেবা করা যায়, আজকের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প তার একটি উদাহরণ। বিনামূল্যে এ ধরনের সেবা করার মতো মানুষ পাওয়া দুষ্কর। আজকের এদিনে তার রূহের শান্তি কামনা করছি ‘

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতার হোসেন বাবুলসহ অন্য রাজনৈতিক নেতা, চিকিৎসক, গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। দেশের খ্যাতিমান চিকিৎসকরা গফরগাঁও উপজেলা ও দক্ষিণ গফরগাঁও উপজেলায় ‍‍বিভিন্ন এলাকা থেকে আগত গরিব, অসহায় ও সর্বস্তরের প্রায় এক হাজার বিভিন্ন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেন।

অধ্যাপক ডা: এম এ হাদী ফাউন্ডেশনের পরিচালক মো: দেলোয়ার হোসেন জানান, মরহুম অধ্যাপক ডা: এম এ হাদীর দুই ছেলে খ্যাতিমান চিকিৎসক। তারা প্রবাসে থেকে এ স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন। স্বাস্থ্য ক্যাম্পটি আগামী দিনে সমৃদ্ধ হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও প্রতি শুক্রবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বল্প ভিজিটে রোগী দেখছেন। হাতের কাছে এ স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা।

অধ্যাপক ডা: এম এ হাদী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো: মইনুল হক মুন্না জানান, গত ২০২৪ সাল থেকে প্রায় ২৫ হাজার রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

উল্লেখ্য, অধ্যাপক ডা: এম এ হাদীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ এ স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয় ও বাদ জুমা মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।