বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
জামালপুরের বকশীগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। নয়া দিগন্ত

দেশকে সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা, সামাজিক সুরক্ষা সেবা প্রদান ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তোলার জন্য যে আশা-আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। তবে আমাদের, সরকার এবং সরকারি কর্মকর্তাদের বিভ্রান্ত করার জন্য একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। আমরা তাদের ‘বট বাহিনী’ বলে অভিহিত করছি। তারা মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

তিনি আরো বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। এসব উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জোনাঈদ আফ্রাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি বিপ্লব সওদাগরসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।