লং মার্চ
লংমার্চ সফল করতে প্রস্তুতি সভায় কুষ্টিয়ায় মোবারক হোসাইন। নয়া দিগন্ত

‘১১ দলের ৭ দফা দাবি কোনো নির্দিষ্ট দল বা জোটের নয়, বরং দেশের কোটি মানুষের প্রাণের দাবি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

Advertisement

তিনি বলেন, ‘সরকার সংবিধান সংশোধনের নামে জনগণের সাথে প্রতারণা করছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে আমরা সংবিধানের সংশোধন নয়, সংস্কার চাই।’

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি ও সমাপনী সমাবেশের মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, ‘দেশজুড়ে লংমার্চ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে লংমার্চ কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এসে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে সমাপনী সমাবেশ। এটি নিছক কোনো জনসভা হবে না; কুষ্টিয়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

তিনি আরো বলেন, ‘সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরো বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সংবিধান সংস্কারের সেই অঙ্গীকার ভুলে গেছে। জনগণের সাত দফা দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে বলে তিনি বিশ্বাস করেন।’

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এ সময় তারা ৩১ অক্টোবরের লংমার্চ ও সমাপনী সমাবেশ সফল করতে মাঠের প্রস্তুতি এবং সার্বিক আয়োজন পরিদর্শন করেন।

এর আগে শুক্রবার সকালে লংমার্চ সফল করতে জামায়াত নেতা মোবারক হোসাইন জেলা জামায়াতের নেতৃবৃন্দের সাথে জেলা জামায়াতের কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় অংশ নেন।

তিনি নেতাকর্মীদের ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।