
মাদারীপুরের শিবচর পৌর শহরের একটি মসজিদ থেকে এশার নামাজ আদায় শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো: শহিদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার প্রধান সড়কের ফার্নিচারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি শিবচর উপজেলা জামায়াতের আমির সারোয়ার হোসাইন মৃধার ছোট ভাই।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার একটি স্থানীয় জামে মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে থানা পুলিশ।
শিবচর থানার ওসি মো: কামাল হোসেন বলেন, ‘মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








