পুলিশ
দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে ফেরৎ দিচ্ছে বিএসএফ। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদককারবারি পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন।

পরে ভারতীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।

দুই পুলিশ সদস্য আটকের খবর পেয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রাত থেকেই পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেন। তাদের ফিরিয়ে আনার বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বলেন, ‘আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার রাত থেকে আলোচনা চলছিল। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’