
রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে প্রধানমন্ত্রীর দেয়া ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্পের কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করলেন প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নগরভবনে রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকা বরাদ্দ পাস হওয়ায় প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনকে সিটি কর্মচারী ইউনিয়ন ও ঐক্যপরিষদের দেয়া সংবর্ধনা সভায় এই অঙ্গীকার করেন তিনি।
এ সময় ডন আরো বলেন, ‘আমি এই কৃতিত্বটি উৎসর্গ করছি রংপুর নগরবাসী এবং রংপুর সিটি করপোরেশনের সকল অফিসার এবং কর্মচারীদেরকে। কারণ সকলে মিলে যদি আমাকে এই সহযোগিতাটুকু না করত, তাহলে আমরা এই রংপুর নগরীর জন্য এই প্রকল্প দুটি আনতে কখনোই সমর্থ হতে পারতাম না বা আমি কখনোই আনতে পারতাম না। তাই আমার জায়গা থেকে আমি চেষ্টা করব সকলকে নিয়ে একসাথে যেন আমরা এই রংপুর নগরীকে উন্নয়নের একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।’
ডন বলেন, ‘এটি একটি দুঃসাধ্য কাজ, অনেক কঠিন কাজ। এই কঠিন কাজটি তখনই আমার দ্বারা করা সম্ভব যখন সকলে ঐক্যবদ্ধভাবে হৃদয় থেকে বা মন থেকে আমাকে আপনারা সহযোগিতা করবেন বা এই সিটি করপোরেশনের প্রতিটি কাজ আপনারা একনিষ্ঠভাবে করবেন, তখনই কিন্তু আমরা এই কঠিন কাজটি সুসম্পন্ন করতে পারব।’
ডন আরো বলেন, ‘কোনো একটি জিনিস অর্জন করার একটি বিষয় থাকে, অর্জন করার পরে সেটি ধারণ করার বিষয় থাকে, আবার সেটি বাস্তবায়নেরও একটি বিষয় আছে। আমার এই দুটি প্রকল্প একনেকে অনুমোদন করার পরে আমার মাথাটি অনেক ভার হয়ে গেছে। আপনারা হয়ত অনেক উচ্ছ্বসিত হয়েছেন, আপনারা অনেক খুশি হয়েছেন, নগরবাসী অনেক বেশি উচ্ছ্বসিত এবং অনেক বেশি খুশি—আমি বুঝতে পারছি। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত এই প্রকল্প দুটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রকৃত অর্থে আমি খুশি হতে পারছি না। আমার উপরে একটি চাপ কাজ করছে। আমার মন বলছে যে, এতগুলো টাকা আমরা কি এই নগরের নগরবাসীর প্রকৃত কল্যাণার্থে যথাযথভাবে বাস্তবায়ন করে নগরবাসীর দুর্ভোগগুলো লাঘব করতে পারব? সেই পর্যন্ত কিন্তু আমাদের অনেক কঠিন বাস্তবতা এবং অনেক কঠিন সময় পার হতে হবে।’
ডন বলেন, ‘আমি আমার জায়গা থেকে শুরু থেকেই বলে আসছি যে, কোনো মানুষই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। তো সেই জায়গা থেকে আমি এই সিটি করপোরেশনের প্রশাসক—আপমাদের মতনই একজন রক্তে-মাংসে গড়া মানুষ। তো মানুষ মাত্রই আপনাদের যেমন ভুল হয়, আমারও তেমনি ভুল হওয়ার সম্ভাবনা আছে বা ভুল হতে পারে। সেই জায়গা থেকে আমার যদি কোনো ভুল হয়, সেই ভুলের জবাবদিহিতা করার জন্য কিন্তু আমি প্রস্তুত আছি। বা আমার শার্টের পিছনে যদি কালো কোনো দাগ লেগে থাকে, সেই দাগটি যদি আপনারা কেউ দেখতে পান এবং আমাকে বলেন যে, 'প্রশাসক সাহেব, আপনার শার্টের পিছনে এই দাগটি লেগে আছে', আমি কিন্তু তাৎক্ষণিক সেই দাগটি রিমুভ করার চেষ্টা করব।’
এ সময় সিটির কর্মচারীরা ডনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে নগরীর ১৬৪টি পূজা মণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান হস্তান্তর করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








