ধর্ষণ
খুলনা সদর থানা। নয়া দিগন্ত

খুলনা নগরের মিস্ত্রি পাড়ায় ৬/৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা আল মামুনের বিরুদ্ধে। শিশুটিকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করার পাশাপাশি মুঠোফোনে আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগও করেছেন স্থানীয়রা। 

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সর্বশেষ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে ঘিরে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, মিস্ত্রি পাড়ার রোকন উদ্দিন সড়কের একটি বাড়িতে শিশুটির যাতায়াত ছিল। এই সুযোগে বাড়িওয়ালা আল মামুন দীর্ঘদিন ধরে শিশুটির সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করে আসছিলেন। মুঠোফোনে আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে শিশুটি ওই বাড়িতে গেলে তাকে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘটনার পর আতঙ্কিত শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও সেখানে ভিড় করেন। একপর্যায়ে অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেয়ার দাবি জানান ক্ষুব্ধ ব্যক্তিরা। তবে পুলিশ তাকে হেফাজতে নেয়ায় পরিস্থিতি আরো বড় ধরনের সংঘাত গড়ায়নি।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাদের ভয়ভীতি দেখানো হয়েছিল। রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে হুমকি দেয়া হয়েছে বলেও দাবি করেন। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত আল মামুন অবসরপ্রাপ্ত সেনাসদস্য; তিনি সেনাবাহিনীতে স্টাফ সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’