
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত সিলেট সীমান্তের ৫৬টি বর্ডার আউটপোস্ট (বিওপি) ও দু’টি বেইস ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবি সিলেট সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় সিলেট জেলায় ৬৩৬টি ও সুনামগঞ্জ জেলায় ৪৪৪টিসহ মোট এক হাজার ৮০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে দুই জেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১০৯টি ও ব্যাটালিয়ন সদর দফতরের তিন কিলোমিটারের মধ্যে ৪৩টিসহ মোট ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিজিবি।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জকিগঞ্জের গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ বেইস ক্যাম্প ও সুনামগঞ্জের বাধাঘাট সরকারি কলেজ বেইস ক্যাম্প থেকে এক প্লাটুন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন প্রযুক্তি ও কে-৯ ডগ স্কোয়াড ব্যবহার করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজারী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় টহল ও সীমান্তসংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকি ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া বাংলাদেশ সরকারের সুরক্ষা অ্যাপের মাধ্যমে কোনো পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য পাওয়া গেলে বিজিবি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
উৎসব চলাকালে সন্দেহজনক ঘটনা, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে আতঙ্কিত না হয়ে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন অথবা বিজিবি ক্যাম্পকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করা তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
সাংবাদিকদের প্রতিও নিরাপত্তাসংক্রান্ত সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিবি।
বিজিবি সিলেট সেক্টরের পক্ষ থেকে বলা হয়েছে, সিলেটকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ অঞ্চল হিসেবে ধরে রাখতে এবং শারদীয় দুর্গোৎসবের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর দুর্গাপূজা উদযাপনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








