
জাতীয় ক্রিকেট লিগে অংশ নেয়া রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের তৎপরতায় এসব লাগেজ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের শাহাদত হোসেনের বাড়ি থেকে লাগেজগুলো উদ্ধার করা হয়।
চুরি হওয়া লাগেজগুলোর মালিক— রাজশাহী বিভাগের স্পিনিং অলরাউন্ডার এস এম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ ও দলের টিম বয় আব্দুল কাদের। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে বিসিবির একটি কাভার্ড ভ্যান থেকে তাদের মোট আটটি লাগেজ চুরি হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) ও তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, শাহাদতের বাড়ি থেকেই চুরি যাওয়া লাগেজগুলো উদ্ধার করা হয়েছে।
রাজশাহী পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, চুরি হওয়া লাগেজগুলোর বেশিরভাগ মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল ক্রিকেটারদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে কত দিনের রিমান্ড চাওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী গণমাধ্যমকে জানান, ক্রিকেটারদের মালামাল উদ্ধারের খবর পেয়ে তিনি রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান। সেখানে আটক মোজাম্মেল হকের পরনে ক্রিকেটারদের ব্যবহৃত পোশাক দেখতে পান।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। দলের ৫৪টি লাগেজ নিয়ে এর আগের রাতে রাজশাহীর উদ্দেশে রওনা হয় বিসিবির কাভার্ড ভ্যানটি।
পথে নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর মোড়ে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে কাভার্ড ভ্যানটির পিছু নেয়। একপর্যায়ে তারা চলন্ত গাড়িটির তালা ভেঙে লাগেজসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পরে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালক সজীবকে জানান। পরে রাজশাহী নগরীর হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে পৌঁছে তিনি সংশ্লিষ্টদের চুরির বিষয়টি অবহিত করেন।
কাভার্ড ভ্যান থেকে লাগেজ নামানোর সময় দেখা যায়, বিসিবি ডিভিশন ক্রিকেট দলের মোট ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। বাকি আটটি লাগেজের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বুধবার রাজশাহী নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া আটটি লাগেজ উদ্ধার করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








