
মমতাজ উদ্দিন আহমদ
আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের প্রতিটি বস্তুকে অত্যন্ত সুন্দর ও সুনির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। উদ্ভিদের সৌন্দর্য তার সবুজ পাতা ও রঙিন ফুলে, আর উদ্দেশ্য শস্য ও ফল উৎপাদন। কাপড়ের সৌন্দর্য তার রঙ ও নকশায়, আর উদ্দেশ্য মানুষের শরীর আবৃত ও সংরক্ষণ করা। তদ্রƒপ পৃথিবীর সব সৌন্দর্য মানুষের চোখ ও মনকে আকৃষ্ট করলেও এর প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর দিকে পরিচালিত করা এবং আখেরাতের সফলতার জন্য প্রস্তুত করা। দুনিয়ার এই বাহ্যিক সৌন্দর্যের আড়ালে রয়েছে এক মহান লক্ষ্য, ঈমান ও সৎ আমল। মানুষ যখন এ লক্ষ্য ভুলে যায়, তখন সে দুনিয়ার মোহে বন্দী হয়ে পড়ে। সে স্রষ্টাকে ভুলে সৃষ্টি নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং ক্ষণস্থায়ী ভোগ-বিলাসকেই জীবনের মূল উদ্দেশ্য মনে করে। অথচ নবী-রাসূলগণ ও তাদের অনুসারীরা দুনিয়ার চাকচিক্যে নয়; বরং ঈমান, আমল, আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীনের প্রচার-প্রসারে নিজেদের নিয়োজিত রেখেছিলেন।
বর্তমান যুগে মানুষ দুনিয়ার সৌন্দর্য, খেল-তামাশা ও বিলাসিতার প্রতি অধিক আকৃষ্ট। কিন্তু ইসলাম আমাদেরকে দুনিয়া বর্জনের শিক্ষা দেয় না; বরং দুনিয়াকে আখেরাতের প্রস্তুতির মাধ্যম হিসেবে গ্রহণ করতে শিক্ষা দেয়। তাই প্রয়োজনীয় দুনিয়াবি বিষয় গ্রহণের পাশাপাশি সাধ্যানুযায়ী সৎ আমল করা একজন মুমিনের দায়িত্ব। ইবাদতের অর্থ কেবল নামাজ, রোজা বা হজ নয়; বরং দ্বীন পালনে সহায়ক প্রতিটি বৈধ কাজও ইবাদতের অন্তর্ভুক্ত। জীবনের সৌন্দর্য, সম্পদ, পদমর্যাদা কিংবা ভালোবাসা যদি আল্লাহ ও তার রাসূল সা:-এর আনুগত্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে একজন মুমিন নিজের প্রবৃত্তির চেয়ে আল্লাহ ও তাঁর রাসূল সা:-এর ভালোবাসাকে অগ্রাধিকার দেবে। দুনিয়াবি প্রয়োজনের ওপর দ্বীনি প্রয়োজনকে প্রাধান্য দেয়াই প্রকৃত ঈমানের পরিচয়। যে ব্যক্তি দুনিয়ায় ঈমান ও সৎ আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে, আল্লাহ তায়ালা আখেরাতে তাকে জান্নাত, চিরস্থায়ী সুখ, নিজের সন্তুষ্টি এবং সর্বোচ্চ নেয়ামত রবের দর্শন দান করবেন। আল্লাহ তায়ালা বলেন, ‘আর আল্লাহ তোমাকে যা দান করেছেন, তাতে তুমি আখেরাতের নিবাস অনুসন্ধান করো। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন, তুমিও সেরূপ অনুগ্রহ করো। আর জমিনে ফাসাদ করতে চেও না। নিশ্চয় আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না।’ সূরা আল-কাসাস : ৭৭, অন্য আয়াতে আল্লাহ তায়ালা দুনিয়ার প্রকৃত স্বরূপ তুলে ধরে বলেন, ‘তোমরা জেনে রাখো যে, দুনিয়ার জীবন ক্রীড়া-কৌতুক, শোভা-সৌন্দর্য, পারস্পরিক গর্ব এবং ধনসম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র আর দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।’ (সূরা আল-হাদিদ : ২০)
এরপর আল্লাহ তায়ালা মানুষকে জান্নাত ও ক্ষমার দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন। আল্লাহ তায়ালা আরো বলেন- ‘নিশ্চয় আমি পৃথিবীর ওপর যা কিছু রয়েছে, তা তার জন্য শোভা করেছি, যাতে আমি পরীক্ষা করি, কর্মে তাদের মধ্যে কে উত্তম।’ সূরা আল-কাহাফ : ৭ অতএব, দুনিয়ার সৌন্দর্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নয়; বরং পরীক্ষা করার জন্য। সফল সেই ব্যক্তি, যে দুনিয়াকে আখেরাতের পাথেয় হিসেবে ব্যবহার করে এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য বানায়। আর ব্যর্থ সেই ব্যক্তি, যে ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী আখেরাতকে ভুলে যায়। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করে ঈমান ও সৎ আমলের ওপর অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।
লেখক : প্রভাষক (আরবি) মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল, বন্দর, চট্টগ্রাম
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









