গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু। নয়া দিগন্ত গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়া চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। 

Advertisement

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় বাড়ির গৃহকর্তার শ্যালক রিয়াজ ও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে গৃহকর্তা শরীফ হোসেন (৩৪) ও স্ত্রী রোজিনা আক্তারের (৩০) মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে নিহত রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ করে পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় অপর আহত বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ‘ইসলাম টাওয়ার’ নামের ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শরীফ হোসেন, তার স্ত্রী রোজিনা আক্তার, শ্যালক রিয়াজ ও ওই বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হন।