
নড়াইলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো: আলাউদ্দীন।
গ্রেফতাররা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মোর্তজা (২৭) ও একই উপজেলার নারায়নপুর গ্রামের কামাল মোল্যার ছেলে বিকাশ এজেন্ট লিমন মোল্যা (২৭)।
জানা গেছে, বুধবার রাত আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ প্রতারণালব্ধ ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।
ওসি আলাউদ্দীন জানান, বেবি বাইক সপ বিডি, বেবি বাইক, কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০, মিশরীয় মুরগি সেল বাজার ২.০ এবং কম্বল.বিডি নামে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে তারা দীর্ঘ দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরো জানান, ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেয়ার কথা বলে ক্রেতার কাছ থেকে টাকা হাতিয়ে নিত প্রতারকচক্রটি। ভুক্তভোগী এক ব্যক্তি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে প্রতারণার বিষয়টি অবগত করার পর চক্রটিকে গ্রেফতারে মাঠে নামে জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের টিম। তাদেরকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








