পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, দুই ছিনতাইকারী গ্রেফতার
পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, দুই ছিনতাইকারী গ্রেফতার। প্রতীকী ছবি

খুলনায় ছিনতাইকারী কর্তৃক পুলিশ ইন্সপেক্টর শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও তার সহযোগী ইব্রাহীম গাজীকে (৪২) গ্রেফতার করেছে এসআরবি।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন কলাবাগান ও সদর থানাধীন টুটপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসআরবি-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানিয়ে বলেছে, মিরাজ খুলনা সদর থানার হাজী মহসিন রোডের ফারুক মিয়ার ছেলে। ইব্রাহীম গাজী সরকারপাড়া টুটপাড়া এলাকার মরহুম আকবর আলীর ছেলে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর খুলনা জেলা সার্কেল অফিসে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশায় করে রূপসা থেকে পুলিশ ক্লাবে যাওয়ার পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তার কাছে থাকা টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়ার পর ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে খুলনা সদর থানা ও সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো: আওয়াল হোসেন খুলনা সদর থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এসআরবি-৬ জানায়, আটক মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহীম গাজীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।