হাম, শিশু, মৃত্যু, সিলেট
হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন শিশু। সংগৃহীত
ads

একদিন মৃত্যুহীন থাকার পর সিলেটে হামে ফের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে তিন শিশুর মৃত্যুর পাশাপাশি নতুন হাম শনাক্ত হয়েছে ৪০ জনের। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৬৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২৮ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী তিন মাস ২২ দিন শিশু আরিশা ইসলাম সিলেটের জকিগঞ্জ, ছয় মাস বয়সী জায়ান সুনামগঞ্জ সদর ও এক বছর তিন মাস বয়সী সিয়াম আহমদ মৌলভীবাজার বড়লেখা উপজেলার বাসিন্দা। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৮৬, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে ৯৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৬, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আট, পার্কভিউ মেডিক্যালে দুই, নর্থ ইস্ট মেডিক্যালে পাঁচ, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ছয় ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন হাম রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৫২৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০, পার্কভিউ মেডিক্যালে ২২, নর্থ ইস্ট মেডিক্যালে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে চার, ওয়েসিস হসপিটালে এক, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৬ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ১০০, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ১০৪, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে কারও মৃত্যু না হলেও পাঁচজন নতুন শনাক্ত হন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৪৫ জন।