
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইন বহনকালে যুবদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার লালপুর ইউনিয়নের দক্ষিণ লালপুর গ্রামের মরহুম ফরমান আলীর ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: আরিফুজ্জামান বাপ্পী (৪৮) এবং উত্তর লালপুর গ্রামের মরহুম আলীম মোল্লার ছেলে মো: জিল্লুর রহমান (৪১)।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুয়া বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় আরিফুজ্জামান ও তার সঙ্গী জিল্লুরকে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জব্দ হেরোইন নিয়ে আরিফুজ্জামান মোটরসাইকেলে করে জিল্লুর কাছে বিক্রির উদ্দেশে লালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে মাদক কারবারের পরিকল্পনা ছিল বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এসআরবি একটি মামলা করেছে। গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








