বিএনপি
বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়া দিগন্ত

দেশী-বিদেশী একটি কুচক্রীমহল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘পতিত ফ্যাসিবাদের দোসর ও আন্তর্জাতিক পরাশক্তির কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে দেশের জনগণকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।’

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলটি সারা দেশে অসহায়, নির্যাতিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছে। মানবিক বাংলাদেশ গড়ে তোলা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও পুনর্বাসনের এ উদ্যোগ দলের নেতাকর্মীদের আরো উজ্জীবিত করবে এবং মানবিক কর্মকাণ্ডে অনুপ্রেরণা যোগাবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্যাতিত ও অসহায় কর্মী মো: লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত একটি বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানটি বাস্তবায়ন ও সঞ্চালনায় ছিলেন মোস্তফা কবির।

যারা পেলেন সহায়তা
অনুষ্ঠানে লকাই বিশ্বাসের পরিবারের জন্য বাড়ি উপহার দেয়ার পাশাপাশি অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়। এ ছাড়া ১০ জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়।

স্বাবলম্বী করার লক্ষ্যে আমিন বেপারি ও বাদশা মোল্লাকে ৬০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। চিকিৎসার জন্য সেক মিন্টু ও লালনিকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

সেলাই মেশিন পেয়েছেন সুফিয়া খাতুন (চর হাডুগতী), রত্না আক্তারী (গোপালপুর), লাভনী আক্তার ও ফেরদৌসী (আরজ খাঁ পঞ্জী), সায়েদা আক্তার, স্বর্ণা আক্তার, পারভীন (গাজীরটেক), রত্না আক্তার, মিলি আক্তার ও রূপসী।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। এ সময় ফরিদপুর জেলা ও চরভদ্রাসন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবীর এবং চরভদ্রাসন উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কবির।