বিজিবির অভিযানে শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপসহ আটক ২ 
বিজিবির সোনামসজিদ বিওপিতে মাদকসহ গ্রেফতার দুই আসামি। নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ, একটি ভ্যান এবং একটি মোবাইল ফোনসহ টুটুল ও মোছা: ছবি বেগম নামে দুইজনকে আটক করা হয়েছে।  

Advertisement

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ১৮৫/এমপি হতে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামের জনৈক মুক্তার বিশ্বাসের বাড়ির সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। 

আটক আসামি টুটুল মরহুম রবুর ছেলে ও মোছা: ছবি বেগম মরহুম মনুরুদ্দিনের মেয়ে, তারা উপজেলার বেনীচক চৌডালা গ্রামের বাসিন্দা।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, ‘বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’