
আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এদিন বেলা ১১টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া গ্রামের আলমগীর কবিরের বাগানবাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এদিন দুস্থ নারীদের মাঝেও সেলাই মেশিন বিতরণ, চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসহায় পরিবারের জীবনমান উন্নয়ন, দুস্থ নারীদের স্বাবলম্বী করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ মানবিক উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে চরভদ্রাসন উপজেলায় আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি ও কর্মসূচির প্রস্তুতি তদারকি করছেন ফরিদপুর-৪ (চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, ‘চরভদ্রাসন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীকালের কর্মসূচিকে ঘিরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।’
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত ১৩ অক্টোবরের প্রেস বিজ্ঞপ্তিতে এ মানবিক কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








