
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে নোমান (৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নোমান উপজেলার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের ঝলজুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
৩৯ বিজিবির পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানোর সময় বিজিবির একটি টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিরা অতর্কিত হামলা চালায়।
৩৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বায়েজিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন এবং আকাশের দিকে সতর্কতামূলক গুলিবর্ষণ করেন। কিন্তু হামলাকারীরা সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় হামলা চালালে এক বিজিবি সদস্য আহত হন। পরে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করেন। এতে নোমান গুলিবিদ্ধ হন।
পরে আহত নোমানকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি অনুমোদনের জন্য বিজিবি হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








