মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
মুরাদনগর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার তিন আসামি। নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) দুপুরে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

এর আগে, শনিবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কোরেরপাড় ও মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন মুরাদনগর সদরের উত্তরপাড়ার দুলাল মিয়ার ছেলে মো: ইব্রাহিম (৪২), বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজারসংলগ্ন খাঁনেপাড়া এলাকার আলী হোসেন মিয়ার ছেলে মো: বাবু মিয়া (৩৫) ও দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর গ্রামের মো: মনিরুজ্জামানের ছেলে শরিফুল ইসলাম (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মুরাদনগর থানার এসআই কামরুজ্জামান পুলিশের একটি দল নিয়ে প্রথমে পাহাড়পুর ইউনিয়নের কোরেরপাড় এলাকায় অভিযান চালান। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

একই রাতে অন্য অভিযানে, মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে পৃথক অভিযান চালায় এসআই কামরুজ্জামানের দল। এ সময় ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: ইব্রাহিম ও মো: বাবু মিয়াকে গ্রেফতার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।