বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মা।

Advertisement

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— পাইকুড়া ইউনিয়নের কাওয়ালিকান্দা গ্রামের আ: সাত্তারের শিশুছেলে আরাফাত (৬) ও মুয়াজ (৭)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, প্রথমে ছোট ভাই আরাফাত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই মুয়াজও বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এ সময় দুই শিশু সন্তানের চিৎকার শুনে তাদের বাঁচাতে গিয়ে আহত হন তাদের মা।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আহত মাকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশু দু’টির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।