খেজুর, আপেল ও কমলা
খেজুর, আপেল ও কমলা । সংগৃহীত
ads

আসন্ন রমজানে খেজুর আমদানির চাপ কমাতে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুরের ওপর অতিরিক্ত শুল্ক অব্যাহতি দিয়েছে সরকার। এছাড়াও আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। এসব ফলের আমদানি ব্যয় কমানো, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে তাজা ও শুকনো—দুই ধরনের খেজুরের ওপরই পাঁচ শতাংশের বেশি অতিরিক্ত শুল্ক ছাড় দেয়া হয়েছে।

এ সুবিধার আওতায় এইচএস কোড ০৮.০৪-এর চার ধরনের খেজুর রয়েছে। এগুলো হলো আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটে মোড়ানো বা কৌটায় ভরা তাজা খেজুর ও অন্যান্য তাজা খেজুর এবং আড়াই কেজি পর্যন্ত ওজনের প্যাকেটে মোড়ানো বা কৌটায় ভরা শুকনো খেজুর ও অন্যান্য শুকনো খেজুর।

সরকার সীমিত সময়ের জন্য আমদানি করা আরো কিছু ফলের ওপরও কর ছাড় ঘোষণা করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কমলা ও আপেলের ওপর পাঁচ শতাংশের বেশি অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), ২০ শতাংশের বেশি অতিরিক্ত সম্পূরক শুল্ক ও অগ্রিম কর অব্যাহতি দেয়া হবে।

কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর বিধান অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে পরামর্শ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।

জনস্বার্থে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ইউএনবি