হুইপ, আন্তর্জাতিক আদালত, বিএনপি
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল বাবু হত্যা। তারা শুধু প্রকাশ্য দিবালোকে বাবুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, খুনিদের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করা দরকার তার সবই করেছে। এ কারণে ১৬ বছরেও বাবু হত্যা মামলার বিচার হয়নি। আজ এ জনতার মহাসমাবেশে বলে গেলাম এ সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে বাবুর খুনীদের বিচার করা হবে, ইনশাল্লাহ।’

Advertisement

শনিবার (১০ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্য হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘শেখ হাসিনা বাবুর খুনীদের বিনা ভোটে মেয়র বানিয়ে, চেয়ারম্যান বানিয়ে পুরষ্কৃত করেছে। শুধু বাবু নয়, বিএনপিকে দুর্বল করতে এমন অসংখ্য নেতাকর্মীকে তারা খুন করেছে, গুম করেছে। এতোদিন তারা ক্ষমতার বলে বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।’

বনপাড়া বাজারে শহীদ বাবু চত্ত্বরে জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সানাউল্লাহ নুর বাবুর স্ত্রী মহুয়া নুর কচি, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক, অধ্যক্ষ আশরাফ আলী ও নাসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা জামাল উদ্দিন আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক সম্পাদক সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিুজর রহমান পারভেল ও সম্পাদক মোস্তাফিজুল হক বকুল বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে দলীয় কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রকাশ্য দিবালোকে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু খুন হন।