
সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ নম্বর পিলার সংলগ্ন উপজেলার সোনারখেওড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
ধারণা করা হচ্ছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হলেও ওই দিন রাতে সে বাড়ি ফেরেনি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবারকে সংবাদ দেন স্থানীয়রা।
নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি কানাইঘাট থানায় অবহিত করলে থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মাঝেমধ্যে শাহিন আহমদ সীমান্ত এলাকায় শ্রমিকের কাজ করতে যেত। তাদের ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় শাহিন সীমান্ত এলাকায় গিয়ে থাকতে পারে।
নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন আহমদ দিনমজুরের কাজ করত। তার স্ত্রী ও দুই মেয়েসন্তান রয়েছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, সংবাদ পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








