
দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়; একটি জাতির নৈতিক ভিত্তি ও ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি। শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে জাতি ও সমাজ ভেঙে পড়বে। তাই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি অনৈতিকতার পথে ধাবিত হবে।’
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম বর্ষপূর্তি ও বাংলাদেশ নন-গভর্নমেন্ট স্কুল বোর্ড সোসাইটি, দিনাজপুর কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বাধীনতার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘শৈশবে অর্জিত শিক্ষা ও সংস্কার মানুষকে সারাজীবন পথ দেখায়। তাই মেধার যথাযথ মূল্যায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠনমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পাশাপাশি অর্জিত জ্ঞান ও মূল্যবোধ নিজেদের জীবনে ধারণ করতে হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের তাৎপর্য তুলে ধরে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি শুধু একটি স্লোগান নয়; বরং অন্তরের গভীর থেকে উঠে আসা বাস্তবতার নাম। সেই বাস্তবতাকে দৃশ্যমান করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ তিনি গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রুহুল আমিন শরিফ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








