ঘটনাস্থলে পুলিশ, (ডানে) বিকাশকর্মীদের বহনকারী প্রাইভেটকারটি
ঘটনাস্থলে পুলিশ, (ডানে) বিকাশকর্মীদের বহনকারী প্রাইভেটকারটি। নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে হিমেল আহমেদ (৩৫) নামে এক বিকাশ ম্যানেজারকে গুলি করে তিন কোটি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের মারধরে আহত হন প্রাইভেটকারে থাকা ম্যানেজারের দুই সহকর্মী ও চালক। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে চাকরি করেন।

Advertisement

গুলিবিদ্ধ হিমেল আহমেদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুরে প্রাইভেটকার থামিয়ে লুটপাট ও গুলিবিদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গুলিবিদ্ধ হিমেল আহমেদ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) হিসেবে কর্মরত আছেন। 

আহত দুই সহকর্মী হলেন— শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বুলবুল আহমেদের ছেলে ও লোন শাখার ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন (৩৫) ও শ্রীপুর-মাওনা এরিয়ার সুপারভাইজার বেড়াইদেরচালার (এসকিউ সোয়েটার কারখানা সংলগ্ন) মোহাম্মদ জামানের ছেলে রিফাত (৩০)। এছাড়া আহত প্রাইভেটকারচালক কেওয়া পশ্চিম খন্ড এলাকার মরহুম ফালু মিয়ার ছেলে লাল মিয়া (৩২)।

ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন বলেন, বিকেল আনুমানিক ৪টা বা সাড়ে ৪টার দিকে আমরা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারযোগে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা দেই। সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রাইভেটকারটি শ্রীপুরের গোসিংগা পার হয়ে কর্ণপুর এসে পৌঁছালে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল আমাদের প্রাইভেটকার ঘেরাও করে আটক করে।

তিনি আরো বলেন, প্রতি মোটরসাইকেলে দু’জন করে লোক ছিল। কিছু বুঝে উঠার আগেই তারা প্রাইভেটকারের বাম পাশের গ্লাস ভেঙে ফেলে এবং হিমেল আহমেদকে গুলি করে। এ সময় অন্যরা চালকের পাশের গ্লাস ভেঙে চালককে এবং পেছনে ডান পাশে বসে থাকা আমার দরজার গ্লাস ভেঙে আমাদেরকে চাইনিজ কোড়াল দিয়ে আঘাত করে। এতে আমি, রিফাত ও চালক আঘাত পেয়ে আহত হই।

পরে হামলাকারী দুর্বৃত্তরা প্রাইভেটকারের পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি বস্তা নিয়ে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে শ্রীপুরের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে আমি নিজে প্রাইভেটকারটি চালিয়ে শ্রীপুর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেই। সেইসাথে গুরুতর আহত হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) গুলিবিদ্ধ হিমেল আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিক জানান, নরসিংদী থেকে টাকা সংগ্রহ করে প্রাইভেটকারে শ্রীপুর ও ভালুকার উদ্দেশে ফিরছিলেন তার প্রতিষ্ঠানের কর্মীরা। প্রাইভেটকারটিতে চারটি বস্তায় মোট চার কোটি টাকা ছিল। পথে গোসিংগা-শ্রীপুর সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের প্রাইভেটকার ঘিরে ফেলে এবং গতিরোধ করে।

এরপর সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে কর্মীদের পিটিয়ে ও চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে আহত করে। পরে প্রাইভেটকারের পেছনের বক্সে থাকা চার বস্তা টাকার মধ্যে তিন বস্তা টাকা নিয়ে দ্রুত চম্পট দেয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অনিক সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারজন হাসপাতালে আসে। হিমেল নামে একজনের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে। যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, আমি ময়মনসিংহ হাইওয়েতে টহলে ছিলাম। ওই সময় সাংবাদিকরা আমাকে ফোন দেয় যে, একটা ছিনতাই বা গুলির ঘটনা ঘটেছে, টাকা ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে দ্রুত শ্রীপুর হাসপাতালে এসে যার গায়ে গুলি লেগেছে তাকে পাইনি।

আর এখানে যারা সামান্য আহত হয়েছিল তাদের পেয়েছি। তাদের অভিযোগ, তারা নরসিংদী থেকে বিকাশের টাকা নিয়ে আসতেছিল। কর্ণপুর এলাকায় তাদের মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে মারধর করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এখনো টাকা-পয়সার কথা ওরকম পরিমাণ পাওয়া যায়নি। আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করতেছি।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে।