
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় মাছ ধরার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ভোরে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে। উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সর্দার (৫৮)। অভিযানে ২০০ মিটার কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রুহুল আমিন বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








