ড. আখতার হামিদ খান, বার্ড, মৃত্যুবার্ষিকী
ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালন। নয়া দিগন্ত

কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বার্ডের প্রতিষ্ঠানে ড. আখতার হামিদ খানের ম্যুরালে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রমের সফল নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে সমাদৃত হন। বিশেষ করে পল্লী উন্নয়নের কার্যকর মডেল উদ্ভাবনে তার অবদান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। ষাটের দশকে তার নেতৃত্বে উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ পল্লী উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে পরিচিতি লাভ করে। এ মডেলের মাধ্যমে বার্ড আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করে।

আখতার হামিদ খান ১৯১৪ সালের ১৫ জুলাই ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন। আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের সম্মানজনক ইম্পেরিয়াল সিভিল সার্ভিসে (আইসিএস) যোগ দেন। ১৯৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত আইসিএসের শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ইংল্যান্ডের কেমব্রিজের ম্যাগডালিন কলেজে অধ্যয়ন করেন।

১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ মোকাবিলায় ঔপনিবেশিক প্রশাসনের ভূমিকা ও অমানবিক মনোভাবের প্রতিবাদে ১৯৪৪ সালে তিনি আইসিএসের চাকরি থেকে পদত্যাগ করেন। এরপর ভারতের আলীগড়ের একটি গ্রামে শ্রমিক ও তালা মেরামতকারী হিসেবে কাজ শুরু করেন। প্রায় দুই বছর পর তিনি সেই কাজ ছেড়ে দেন। ১৯৪৭ সাল থেকে দিল্লির জামিয়া মিল্লিয়া প্রতিষ্ঠানে তিন বছর শিক্ষকতা করেন।

১৯৫০ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ১৯৫৪-৫৫ সালে পূর্ব পাকিস্তান সরকারের ‘ভি-এইড’ কর্মসূচির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে পল্লী উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে ফিরে তৎকালীন পাকিস্তান পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (বর্তমানে বার্ড) প্রথম প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে তিনি অ্যাকাডেমির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পল্লী উন্নয়নের এ অগ্রদূত ১৯৯৯ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন।

তার উদ্ভাবিত কুমিল্লা মডেল ও পল্লী উন্নয়নে অবদান আজও দেশ-বিদেশে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত।